https://www.emjanews.com/

14174

national

প্রকাশিত

০৪ মার্চ ২০২৬ ২০:৪৬

আপডেট

০৪ মার্চ ২০২৬ ২০:৫১

জাতীয়

নতুন অফিস টাইম যাদের জন্য বাধ্যতামূলক নয়

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ ২০:৪৬

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, জনসেবা নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজের গতি আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব কর্মকর্তা-কর্মচারীর জন্য সব সময় এই নির্দেশনা প্রযোজ্য হবে না; কিছু ক্ষেত্রে নিয়ম শিথিলযোগ্য থাকবে।

পরিপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে (যেমন— সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অংশগ্রহণ, ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে যাওয়া) ব্যস্ত হয়ে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে পারছেন না। এতে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এই সময়সীমা ব্যাহত না হয়।

পরিপত্রে আরও বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা ও সময়মতো অফিস ত্যাগ করা সব কর্মকর্তা-কর্মচারীর জন্য বাধ্যতামূলক।

যেসব ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে

তবে কিছু ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। যেমন-

শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই।

হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মীরা।

জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

পরিপত্রে আরও জানানো হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রোটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবেলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।