আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ২০:৩৩
ছবি: সিসিক
আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলতে নগরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (৮ মার্চ) সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুরো নগরজুড়েই অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজ অনেক সহজ হয়ে যায়।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রাস্তা ও ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। প্রতিদিন সিটি কর্পোরেশনের কর্মীরা সেই ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। আমরা সবাই এই নগরের বাসিন্দা, তাই নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।
ব্যবসায়ী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আহাদ।
এর আগে সিসিক প্রশাসক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, পিটিআই’র সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম এবং স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত।
পরে সিসিক প্রশাসক ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ।
এছাড়া শেখঘাট শুভেচ্ছা যুবসংঘ আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিলেও প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবী খলিলুর রহমান মাসুম ও অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমদ হেলাল।
