ছবি: সাজু মারছিয়াং
যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ হাজার ৫৫০টি গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
হৃদয়ের শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬ এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু ও প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গলবাসী এবং সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মো. আব্দুল কুদ্দুস নিজামী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হৃদয়ে শ্রীমঙ্গলের সমন্বয়ক ফারুক আহমদ, সমাজসেবক সরফরাজ আহমদ শরফু, কুঞ্চবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর, মো. মছদ্দর আলী, মাওলানা এম এ রহিম নোমানী, আব্দুর রহমান খান পাশা, মোবারক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল গত আট বছর যাবত উপজেলাব্যাপী নানাবিধ সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগগ্রস্তদের চিকিৎসা খরচ যোগানো, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি।
