https://www.emjanews.com/

14269

economics

প্রকাশিত

০৯ মার্চ ২০২৬ ২০:০৫

অর্থনীতি

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ ২০:০৫

ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম এক ফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা যাচ্ছে, তা মূলত ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার ফল।

সোমবার (৯ মার্চ) রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়-এ ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কারণে কিছু এলাকায় সাময়িকভাবে দোকানের মজুত শেষ হয়ে যেতে পারে। তবে সামগ্রিকভাবে বাজারে কোনো ঘাটতি নেই।

ভোক্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, বাজারে কোনো অনিয়ম হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।