https://www.emjanews.com/

14261

sylhet

প্রকাশিত

০৯ মার্চ ২০২৬ ১৪:০৮

আপডেট

০৯ মার্চ ২০২৬ ১৪:১১

সিলেট

দুবাইয়ে নি হ ত প্রবাসীর ম*র*দে*হ তার বাড়িতে পৌঁছে দিলেন আরিফ

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ ১৪:০৮

সংযুক্ত আরব আমিরাতে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সেটি নিজ হাতে পরিবারের কাছে পৌঁছে দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করা হয়। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকায় পৌঁছায়। পরে বিমানের আরেকটি ফ্লাইটে করে সেটি সিলেটে আনা হয়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও সেখানে অবস্থানরত শ্রমিক ও প্রবাসী বাংলাদেশিদের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, প্রবাসীরা যেকোনো সংকটে পড়লে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিবারের সদস্যদের মতো তাদের পাশে থাকবে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং অন্তত দশজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নিহত আহমেদ আলীর মরদেহ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

নিহত আহমেদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহের একটি গাড়ি চালাতেন। গত ২৮ ফেব্রুয়ারি সেখানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। তার দুই ছোট ভাই জাকির হোসেন ও বোরহান আহমদ একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

মরদেহ গ্রহণের সময় সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।