ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ ২০২৬) র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যৌথ আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন খাবারের দোকান ও প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৭ ও ৫২ ধারায় এসব জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আল খলিফা রেস্টুরেন্টের ম্যানেজার সেলিম মিয়া (২০ হাজার টাকা), পানাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার শাহনুর (৩০ হাজার টাকা), শাহজালাল ফুডস অ্যান্ড লাইভ বেকারির ম্যানেজার জামাল (১০ হাজার টাকা), নিউ ধানসিড়ি রেস্তোরার ম্যানেজার মোশারফ হোসেন (৩০ হাজার টাকা), হাঁসের বাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার গোলাপ মিয়া (৫ হাজার টাকা), আল মদিনা রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়া (২০ হাজার টাকা), নিউ শেরাটন হোটেলের মালিক হামিদুল হক (১০ হাজার টাকা), শাহজালাল রেস্টুরেন্টের ম্যানেজার মো. ছালেক (১০ হাজার টাকা), লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের মালিক রনজিৎ ধর (১০ হাজার টাকা), অতিথি সুইটসের মালিক চন্দ্র ধর (৫ হাজার টাকা) এবং মিম কোয়ালিটি ফুডের ম্যানেজার রিয়াজ (১০ হাজার টাকা)।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে তাদের গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
