ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম পার্স নিউজ এজেন্সি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আশ্রয়ের আবেদন করা সদস্যদের মধ্যে দুইজন খেলোয়াড় এবং দলের একজন লজিস্টিক স্টাফ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এএফসি উইমেন্স এশিয়ান কাপ চলাকালে ইরানি দলের সাতজন সদস্য দেশটিতে আশ্রয়ের আবেদন করেন। একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি নিয়ে কয়েকজন খেলোয়াড় প্রথমে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ইরানে ফিরে গেলে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে-এমন উদ্বেগের কারণে কয়েকজন খেলোয়াড়কে মানবিক বিবেচনায় ভিসা দেয় অস্ট্রেলিয়া। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দলের আরও তিন সদস্য দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
