ঈদের আগে ইতোমধ্যে বেশিরভাগ কারখানায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। বাকিদেরও ঈদের আগেই পরিশোধ হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর পরও পরিকল্পিত ভাবে কোন শ্রমিক অসন্তোষ হলে সে বিষয়টিও সরকারের নজরদারীতে আছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে শাহী ঈদগাগের বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা যাতে হাসি মুখে ঈদযাপন করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে নিহত চারজনের মধ্যে একজনের মরদেহ সেখানেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে যাদের ভিসার মেয়াদ শেষ তাদের সকলের ভিসার মেয়াদ বাড়ানো হবে আবারও জোর দিয়ে বলেন, আরিফুল হক চৌধুরী। তিনি জানান ,ইতিমধ্যে তিনটি দেশের সাথে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন। আর যারা টিকেট কেটেও যেতে পারেননি, তাদেরও নতুন করে বিমানের টিকেটের জন্য অর্থ ব্যায় করতে হবে না, পূর্বের এয়ারলাইন্সগুলোই তাদের বহন করবে বলে জানান মন্ত্রী।
