ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (২৫ মার্চ) সংস্থাটির পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরের শূন্য পদ অনুযায়ী এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ প্রকাশিত ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।
এর আগে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন ফি থেকে অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কেটে অবশিষ্ট অর্থ নগদ, বিকাশ ও রকেটসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।
এদিকে, নিয়োগ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।
