https://www.emjanews.com/

14557

sylhet

প্রকাশিত

২৮ মার্চ ২০২৬ ১৪:১৮

আপডেট

২৮ মার্চ ২০২৬ ১৬:১১

সিলেট

সিলেটসহ দেশের ১৯ তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ১৪:১৮

জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত তেল ডিপোগুলোতে বিজিবির অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ২৫ মার্চ থেকে সিলেট শহরের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে মোট দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। যমুনা অয়েল ডিপোতে দায়িত্ব পালন করছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্লাটুন এবং পদ্মা অয়েল ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্লাটুন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, ডিপো এলাকায় মোতায়েন সদস্যরা অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন। পাশাপাশি বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদার অতিরিক্ত তেল ছাড়া হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া অবৈধভাবে তেল মজুদের চেষ্টা, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সীমান্তপথে তেল পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা পর্যায়ক্রমে শক্তিশালী করা হচ্ছে এবং অতিরিক্ত জনবল নিয়োজিত রেখে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সম্পদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

২৫ মার্চ সকাল থেকে দেশের আরও ৯টি জেলায় মোট ১৯টি তেল ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা জেলার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীর ৩টি, সিলেটের ২টি, মৌলভীবাজারের ৩টি, কুমিল্লার ৩টি, ব্রাহ্মণবাড়িয়ার ১টি এবং সুনামগঞ্জ জেলার ১টি ডিপো।