https://www.emjanews.com/

14676

national

প্রকাশিত

০২ এপ্রিল ২০২৬ ১৬:৫৫

জাতীয়

হঠাৎ দেশের সকল স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৬:৫৫

দেশে হামের বিস্তার ও এ রোগে ৪৭ শিশুর মৃত্যুর পটভূমিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব স্কুল সাময়িকভাবে বন্ধের নির্দেশনার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

রিটে আরও উল্লেখ করা হয়েছে যে সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, প্রয়োজনীয় টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা এবং স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি সংবিধানসম্মত দায়িত্ব পালনে ব্যত্যয় সৃষ্টি করেছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অবিলম্বে সারাদেশে জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক নিশ্চিত করা, এবং সব জেলায় চিকিৎসাসুবিধা, বিশেষায়িত ইউনিট, আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা।