https://www.emjanews.com/

14674

sylhet

প্রকাশিত

০২ এপ্রিল ২০২৬ ১৪:১৬

সিলেট

সিলেটে রাত ৮টার পর বন্ধ থাকবে যেসব দোকানপাট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৪:১৬

সিলেটে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর মিলেছে ব্যবসায়ী সংগঠনের নতুন সিদ্ধান্তে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগে দেশের মতো সিলেটেও রাত ৮টার মধ্যে সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও চলমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে সরকার যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কর্মসূচি গ্রহণ করেছে, তা বাস্তবায়নে সহযোগিতা করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধ, খাবার, জরুরি সেবা ও কাঁচাবাজার আগের নিয়ম অনুসারেই চালু থাকবে।

সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি সিদ্ধান্তে উপনীত হয় যে সিলেটসহ দেশের সব শপিংমল, বাণিজ্য বিতান ও দোকানপাট সন্ধ্যার পর আর খোলা রাখা হবে না।

এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানান, বুধবার অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে দোকান বন্ধের সময় রাত ৮টা নির্ধারণ করা হয়।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজারকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সিলেট নগরসহ জেলার অন্যান্য এলাকায় জীবনযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিক সময়েই চলবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ। সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির সময় ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ করতে অভ্যস্ত ছিলেন। তাই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখলে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে তা এখনো নির্দিষ্ট করে বলা না গেলেও বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা আনতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলেই ব্যবসায়ীরা মনে করছেন।