গ্রন্থমেলা সংস্কৃতি ও শিক্ষার বিকাশে ভূমিকা রাখবে: সিসিক প্রশাসক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৯:১৮
ছবি: সিসিক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে।
তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।’
রোববার (৫ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমল সাহিত্য পরিষদ আয়োজিত ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক আরও বলেন, ‘পারিবারিকভাবে শহীদ জিয়াউর রহমানকে ‘কমল’ নামে ডাকা হতো। তাঁর নামানুসারেই কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে।’ এ সংগঠন প্রতি বছর বইমেলার আয়োজন করে আসছে, যা শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
