দেশে ২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৬
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্যবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জনে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জনে।
এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে ৩ হাজার ৩৮০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
