https://www.emjanews.com/

14768

jobs

প্রকাশিত

০৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

চাকুরী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

ছবি: জাতীয় সংসদ ভবন।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

বিলে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। একইভাবে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেগুলোর ক্ষেত্রেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে যেসব পদে নিয়োগ বিধিমালায় আগে থেকেই উচ্চতর বয়সসীমা (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেসব ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। ফলে নতুন এই আইনের কারণে কারো সুযোগ কমবে না বলে জানানো হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অনুযায়ীই পরিচালিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, শিক্ষিত বেকার যুবকদের জন্য সরকারি চাকরিতে আরও বেশি সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেটিকে স্থায়ী আইনি রূপ দিতে এই বিল আনা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পূর্ববর্তী অধ্যাদেশের কারণে কিছু কারিগরি জটিলতা সৃষ্টি হয়েছিল, যেখানে কিছু বিশেষায়িত পদে উচ্চতর বয়সসীমা কমে গিয়েছিল। নতুন বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং যেসব পদের ক্ষেত্রে আগে থেকেই উচ্চতর বয়সসীমা নির্ধারিত ছিল, তা বহাল রাখা হয়েছে।