ছবি: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো প্রভাব ফেলছে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে- এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়; বরং এটি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব। উদাহরণ দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র-এ তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলংকা-য় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, “কতদিন এ অবস্থা বজায় রাখা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না।”
তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে একপর্যায়ে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
