https://www.emjanews.com/

14875

sylhet

প্রকাশিত

১০ এপ্রিল ২০২৬ ১৬:৪১

সিলেট

কোম্পানীগঞ্জের সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত-১

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ১৬:৪১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালা কালাইরাগ সীমান্তে ভারতীয় অভ্যন্তরে ‘খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভারত সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
নিহত ব্যক্তির নাম সালেহ আহমেদ (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ডাকঘরের কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সীমান্ত অতিক্রম করে সালেহ আহমেদ , সুমন মিয়া ও একই এলাকার মাসুম আহম্মদ। একপর্যায়ের ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় গেলে তাঁদের চোর সন্দেহে খাসিয়া সম্প্রদায়ের লোকজন গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর সঙ্গে থাকা অন্য দুজন সালেহকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সালেহ আহমেদসহ তিনজনই সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।