বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন মাইলফলকের সামনে মেসি
যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ২০:৫২
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আসন্ন প্রস্তুতিমূলক দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল।
আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এক লাখ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে খেলতে নামার মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় ভেন্যুতে খেলার অভিজ্ঞতা হবে মেসির জন্য, যা তার জন্য একটি নতুন রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।
স্টেডিয়ামটিতে এটি হবে ইতিহাসের দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এর আগে ২০২৪ সালে মেক্সিকো বনাম ব্রাজিল ম্যাচে ৮৫ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, আসন্ন ম্যাচে সব টিকিট বিক্রি হলে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড তৈরি হতে পারে।
এরপর আগামী ৯ জুন আলাবামার অবার্নে অবস্থিত জর্দান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার এমন প্রস্তুতি ম্যাচগুলোকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
