সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ১০ এপ্রিল
চলবে ১২ এপ্রিল পর্যন্ত
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ২১:১৯
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (১০ এপ্রিল)। ওই দিন বেলা ১১টা থেকে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, একই দিন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ১২ এপ্রিল।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন আখতার আহমেদ।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট আসন সংখ্যা ৫০টি।
