ছবি: সংগৃহীত
দিনের উজ্জ্বল আলোতেই আকাশে দেখা মিলেছে নতুন চাঁদের বিরল এক দৃশ্য, যা সচরাচর দেখা যায় না। সংযুক্ত আরব আমিরাতে এই ব্যতিক্রমী চাঁদ দেখার মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক এই পর্যবেক্ষণের ভিত্তিতে আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়েও পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় নতুন চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
এই বিরল মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। পর্যবেক্ষণ কাজে তার সঙ্গে ছিলেন গবেষক দলভুক্ত খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।
নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে (বুধবার)। সেই অনুযায়ী হজের গুরুত্বপূর্ণ পর্ব আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
তবে তিনি আরও জানান, ইসলামী অন্যান্য উৎসবের মতোই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ঈদুল আজহাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে দীর্ঘ ছুটির সম্ভাবনাও রয়েছে। সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই ছুটি ৯ দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সে অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করা হয়।
