দক্ষিণ সুরমার বড়চক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪১
বড়চকউচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন অতিথিরা।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানবঞ্চিত একটি জনপদে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বড়চক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বড়চক প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়টির জাতীয়করণ সময়ের দাবি উল্লেখ করে তিনি স্থানীয় সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ। তিনি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক আনিস রহমান বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, টিনশেড ভবনের নিচে প্রচণ্ড গরমে শিক্ষক-শিক্ষার্থীরা মানবেতর পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই দ্রুত অবকাঠামো উন্নয়ন জরুরি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আসাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, যুবনেতা সিরাজ মিয়া, মুজেফর মিয়া, আজিজ মিয়া, নজরুল ইসলাম, আবিদ নুর, মুস্তাব আলী, আমিরুন মেম্বার, ফাহিম আহমেদ, সহকারী শিক্ষক রামিম আহমদ, শান্ত দেবনাথ ও মাজেদা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফয়েজ আহমদ ও সাইদুর রহমান মনসুর।
এসময় বিদেশে স্কলারশিপপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে ক্বারী আব্দুল অদুদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
