https://www.emjanews.com/

15073

politics

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৬ ২১:৩০

রাজনীতি

সিলেটের ত্যাগী নেত্রীদের মূল্যায়নে বিএনপি, সাক্ষাৎকারে গুরুত্ব অভিজ্ঞতার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ২১:৩০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দিনের কার্যক্রমে সিলেট বিভাগের প্রার্থীদের ডাকা হয়।

দলের মনোনয়ন বোর্ডের সভাপতি তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। দলীয় সূত্র জানায়, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগ- এসব বিষয়কে প্রাধান্য দিয়ে প্রার্থী মূল্যায়ন করা হচ্ছে।

সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকারে অংশ নিয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা নেত্রীদেরই এবার বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

সাক্ষাৎকারে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী জানান, তাঁদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। সেখানে তারা রাজপথের আন্দোলনে অংশগ্রহণ, দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতার বিষয় তুলে ধরেন।

দলীয় একটি সূত্র জানায়, শুধুমাত্র পদধারী নেত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে সিলেট বিভাগ থেকে একটি ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল।

সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা- কোন কোন নেত্রী শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাচ্ছেন। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা এবং তাঁদের সমর্থকরা।