https://www.emjanews.com/

15065

economics

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৮

অর্থনীতি

হরমুজ প্রণালিতে ফের বাধার মুখে ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৮

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পাড়ি দিতে গিয়ে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান প্রণালিটি খুলে দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত জাহাজটিকে অতিক্রমের অনুমতি দেয়নি দেশটির বাহিনী।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে আরব আমিরাতের একটি বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করা হয়। তবে কিছু সময় পর ইরানি বাহিনী প্রণালি অতিক্রমের অনুমতি না দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

তিনি বলেন, ‘আমরা ঘোষণা অনুযায়ী যাত্রা শুরু করেছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় এখন আবার আগের অবস্থানে, পারস্য উপসাগরে ফিরে যাচ্ছি।’

এর আগে যুদ্ধবিরতির পর গত ৮ এপ্রিল সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তখনও সফল হতে পারেনি। পরে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকেও আরেক দফা যাত্রা করেও কোস্ট গার্ডের পরামর্শে ফিরতে বাধ্য হয় জাহাজটি।

জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দরের উদ্দেশে নেওয়া হচ্ছিল।

তবে কেন বারবার বাংলাদেশি জাহাজটিকে বাধার মুখে পড়তে হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হরমুজ প্রণালিতে বাংলাদেশের কোনো জাহাজ আটকে রাখা হবে না- এমন প্রতিশ্রুতি ইরান দিয়েছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।