ছবি: সংগৃহীত
বাংলাদেশের মুন্সিগঞ্জে প্রায় পাঁচ বছর আগে চাচাকে হত্যার দায়ে তাঁর ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত ও দণ্ডপ্রাপ্ত- দুজনই মার্কিন নাগরিক।
বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিও বাংলাদেশে তাঁর চাচা মাইকেল রোজারিওকে হত্যার ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেন।
আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ২০২১ সালে বাংলাদেশে এসে তাঁরা দুজনই ওই বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার দিন ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট রোজারিও নিজের ঘরের বাইরে চাচার শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর থেকে চাচা তাঁকে নিয়ে গালমন্দ করছেন বলে শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরে ঘরের ভেতরে গিয়ে একটি শটগান নিয়ে আবার বাইরে এসে জানালা লক্ষ্য করে গুলি করেন।
আদালতের তথ্য অনুযায়ী, গুলি ছোড়ার আগে গ্যানেট চিৎকার করে বলেন, ‘তুই কাল আর সূর্য দেখবি না।’ পরে ছোড়া গুলি মাইকেল রোজারিওর পেট ও তলপেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
মামলার রায় ঘোষণা করেন মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি জে ক্লেটন। মামলাটির তদন্ত করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস।
এ মামলায় সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
