ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষ অংশ নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কেনেন কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে জমির রেজিস্ট্রি না হওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
এ নিয়ে দুই দিন আগে আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। এরপর জাউয়াবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৭ মে) বিকেলেও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর পুনরায় উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল যানজটে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তিনি উভয় পক্ষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনা জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলেও তিনি জানান।
