জকিগঞ্জে ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান
প্রকাশ: ১৫ মে ২০২৬ ২১:৪৭
ছবি: সংগৃহীত
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতারসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে সিলেট জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।
গত ২৪ এপ্রিল দিবাগত রাতে জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর সিলেট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জকিগঞ্জ থানা পুলিশ একাধিক টিম গঠন করে ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) জকিগঞ্জ থানার একটি টিম থানাধীন ৭নং বারঠাকুরী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতি মামলার সঙ্গে জড়িত আসামি রমজান আহমদ (৩০)-কে গ্রেফতার করে। তিনি জকিগঞ্জ উপজেলার কাশিরচক গ্রামের জামাল আহমেদ জামুর পুত্র।
গ্রেফতারকৃত রমজান আহমদকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
তার দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় আসামি কয়েছ আহমদ কচালি (৩৮)-কেও গ্রেফতার করা হয়। তিনি একই উপজেলার হাসিতলা এলাকার আব্দুল গণির পুত্র।
গ্রেফতারকৃত দুই ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
