https://www.emjanews.com/

15695

law-justice

প্রকাশিত

১৬ মে ২০২৬ ১৯:১৯

আইন আদালত

সিলেটে আল রাইয়ান ফার্মেসি সিলগালা

প্রকাশ: ১৬ মে ২০২৬ ১৯:১৯

ছবি: সংগৃহীত

সিলেটে এবার সিলগালা করা হয়েছে একটি ফার্মেসি। নগরীর কাজলশাহ এলাকায় অবস্থিত ‘আল রাইয়ান ফার্মেসি’তে অভিযান চালিয়ে তা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিতে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়ম ও নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করার প্রমাণও পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালে ফার্মেসি কর্তৃপক্ষ ভোক্তা কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফার্মেসিটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না- এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, সিলগালার বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

তবে তিনি ফার্মেসি কর্তৃপক্ষের চড়াও হওয়ার বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও বলেন, ওই ফার্মেসির ফার্মাসিস্ট আশপাশের অন্যান্য ফার্মেসির লোকজনকে জড়ো করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি অনৈতিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল সিলগালা করা হলেও ফার্মেসি বা অন্য কোনো প্রতিষ্ঠান সিলগালার ঘটনা খুব একটা দেখা যায়নি। আল রাইয়ান ফার্মেসি সিলগালার ঘটনায় নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।