জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ১৪ জন আটক
মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার
প্রকাশ: ১৭ মে ২০২৬ ২২:০০
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতার সহায়তায় মো. হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি মানবপাচার চক্রের মূল হোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, মানবপাচারকারী চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে ২০ থেকে ৫০ হাজার রুপি চুক্তিতে অনুপ্রবেশ করায়। গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ওই ১৪ জনকে পরে দালাল চক্রের সহায়তায় একটি তিনতলা ভবনে গোপনে রাখা হয়।
পরে সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি টের পান। এ সময় অভিযুক্ত হানিফ মিয়া শাড়ি পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ অভিযান চালিয়ে ভবন থেকে ৯ জন নারী, ৩ জন পুরুষ ও ১ জন শিশুসহ মোট ১৪ জনকে উদ্ধার করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলার নাগরিক রয়েছেন।
আটক মো. হানিফ মিয়া জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যাতায়াত করেছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
