https://www.emjanews.com/

15708

weather

প্রকাশিত

১৬ মে ২০২৬ ২২:০৭

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস

প্রকাশ: ১৬ মে ২০২৬ ২২:০৭

ছবি: সংগৃহীত

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং পশ্চিমবঙ্গসংলগ্ন আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ মে) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের পাশাপাশি উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দিন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিনগুলোতেও সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার থেকে দেশের কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পাশাপাশি অপ্রয়োজনে খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।