ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাওরের পানিতে ডুবে চাচাতো ভাই–বোন দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো; শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার চাচাতো ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান মুন্না (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) দুপুরের দিকে শিশু দুজন তাদের চাচা জাকারিয়ার সঙ্গে গরু চরাতে হাওরে যায়। কিছুক্ষণ পর চাচা তাদের বাড়িতে রেখে আসেন। তবে পরিবারের অজান্তে কীভাবে তারা আবার বাড়ির পাশের ‘রাহুরখাল’ এলাকায় পৌঁছে যায়, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। পরে সেখানে পানিতে পড়ে তারা ডুবে যায়।
পরবর্তীতে স্থানীয়রা শিশু দুজনকে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচা জাকারিয়া জানান, গরু চরাতে যাওয়ার সময় শিশুরা তার সঙ্গে ছিল এবং পরে তিনি তাদের বাড়িতে রেখে আসেন। পরে হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন স্থানীয়রা খাল থেকে তাদের উদ্ধার করছে। তারা কীভাবে আবার সেখানে গেল, কেউই বুঝতে পারেননি বলে জানান।
ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবর রহমান মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে গ্রামে নেমে এসেছে গভীর শোক।
