https://www.emjanews.com/

15844

national

প্রকাশিত

২২ মে ২০২৬ ১৯:১৮

জাতীয়

সিলেটসহ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ: ২২ মে ২০২৬ ১৯:১৮

ছবি: সংগৃহীত

সিলেটসহ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিকদের প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর পর্যায়ক্রমে খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য প্রদান করে করের পরিমাণ জানা যাবে। এরপর মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে সহজেই কর পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়েছে, ‘৩০ জুনের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এবং নিজের জমি সুরক্ষিত রাখুন।’ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ আরোপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই বছরের হিসাব চুকিয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ—দুটোই সাশ্রয় হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে।