https://www.emjanews.com/

15886

sylhet

প্রকাশিত

২৩ মে ২০২৬ ২৩:৪০

আপডেট

২৩ মে ২০২৬ ২৩:৪৩

সিলেট

গোলাপগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশ: ২৩ মে ২০২৬ ২৩:৪০

ছবি: সংগৃহীত

সিলেটে সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়তেই এবার গোলাপগঞ্জে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। নিহত নারীর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে স্বামী জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) স্ত্রী মোহনাকে হত্যা করেন। তাদের সংসারে আবির আহমদ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ঘরে থাকা একটি লোহার খুন্তি দিয়ে মোহনাকে আঘাত করেন ছদরুল। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যান। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি জানান, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ছদরুল মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে সিলেটে একের পর এক সহিংস ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। শুক্রবার নগরীতে ছিনতাইকারীদের হামলায় নিহত হন এক র‌্যাব সদস্য। একইদিনে জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা নামে এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া শুক্রবারই জালালাবাদ থানার গোপাল এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগও সামনে আসে। সাম্প্রতিক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।