শিরোনাম
সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত, পাড়া মহল্লায় চলছে কুরবানি

https://www.emjanews.com/

15981

entertainment

প্রকাশিত

৩০ মে ২০২৬ ২২:৩৩

বিনোদন

রকস্টার দেখে নায়লা নাঈমের আক্ষেপ, ‘শাকিব খানকে কি ভূতে ধরছে?’

প্রকাশ: ৩০ মে ২০২৬ ২২:৩৩

ছবি: সংগৃহীত

ঈদের সিনেমা মানেই দর্শকের উচ্ছ্বাস, তারকাদের প্রচারণা আর সামাজিক যোগাযোগমাধ্যমে রিভিউয়ের বন্যা। তবে এবার ঈদের আলোচিত সিনেমা ‘রকস্টার’ দেখে এমনই হতাশ হয়েছেন মডেল, অভিনেত্রী ও চিকিৎসক নায়লা নাঈম যে সরাসরি প্রশ্নই ছুড়ে দিয়েছেন, ‘শাকিব খানকে কি ভূতে ধরছে?’

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল কৌতূহল। বড় পর্দায় শাকিব খানের সঙ্গে ছিলেন তানজিয়া মিথিলা, সাবিলা নূর ও সুনিধি নায়েক। কিন্তু সিনেমা মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন প্রশংসা এসেছে, তেমনি এসেছে সমালোচনাও। আর সেই সমালোচনার মিছিলে এবার যোগ দিলেন নায়লা নাঈম।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শাকিবিয়ানদের সঙ্গে এভাবে ব্লাফ দেবে পরিচালক, কোনোদিন কল্পনাও করিনি!’

নায়লার অভিযোগ, সিনেমাটিতে নেই শক্ত গল্প, নেই কাহিনির গভীরতা। এমনকি তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া একজন দর্শক শেষ এক ঘণ্টা ঘুমিয়েই কাটিয়েছেন। অথচ ‘প্রিয়তমা’ সিনেমা দেখে সেই একই ব্যক্তি নাকি কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছিলেন।

ক্ষোভ ঝেড়ে তিনি আরও লেখেন, ‘প্রিয়তমা, রাজকুমার, বরবাদ;  এসব সিনেমার পর শাকিব খানকে কি ভূতে ধরছে যে তিনি তার ভক্তদের একের পর এক এসব অখাদ্য সিনেমা উপহার দিচ্ছেন ‘

তবে সমালোচনার মাঝেও শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন নায়লা। তার ভাষায়, ‘পুরো সিনেমায় শাকিব খান ছাড়া দেখার মতো কিছুই ছিল না। না হলে আল্লাহর কসম, হল থেকে বের হয়ে টাকা ফেরত চাইতাম।’

এ সময় তিনি আলোচিত অভিনেত্রী মারিয়া মিমের একটি পুরোনো মন্তব্যও টেনে আনেন। নায়লার দাবি, সিনেমা দেখার পর সেই মন্তব্যকে তার কাছে “শতভাগ সঠিক” মনে হয়েছে।

‘রকস্টার’-এর সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে তিনি উল্লেখ করেন এর সংগীতকে। তার মতে, সংগীতনির্ভর গল্পের সিনেমা হলেও নামের সঙ্গে মানানসই কোনো স্মরণীয় গান বা সুর দর্শক খুঁজে পায়নি।

স্ট্যাটাসের শেষদিকে প্রিয় নায়কের উদ্দেশে খানিকটা অভিমান মিশিয়েই লিখেছেন নায়লা,‘একজন ভক্ত হিসেবে হলে যাই হাসতে, কাঁদতে, পরিবার নিয়ে আনন্দ করতে। পরিচালক ও গল্প নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হোন।’

একই সঙ্গে তিনি হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফীর মতো পরিচালকদের উদাহরণ টেনে বলেন, তারা দর্শক কী দেখতে চায় এবং শাকিব খানকে কীভাবে উপস্থাপন করতে হয়, সেটা ভালো বোঝেন।

সবশেষে নায়লার আক্ষেপ- ‘টিকিটের টাকা, পপকর্নের টাকা, ড্রিংকসের টাকা;  সবই বৃথা গেল!’

এদিকে নায়লার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তার মন্তব্যের সঙ্গে একমত, কেউ আবার বলছেন; একজন দর্শকের হতাশা মানেই সিনেমার ব্যর্থতা নয়। তবে একটা বিষয় নিশ্চিত, ‘রকস্টার’ নিয়ে আলোচনা-সমালোচনার রকস্টার এখন যেন নায়লা নাঈমই!