সিলেটে ‘ব্যান্ড বিটস’ কনসার্ট নিয়ে অনিশ্চয়তা, শেষ মুহূর্তে ভেন্যু সংকটে আয়োজকেরা
টিকিট বিক্রি ও প্রস্তুতি শেষ পর্যায়ে, বিকল্প মাঠ খুঁজছেন আয়োজকেরা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ২১:৫০
ছবি: সংগৃহীত
সিলেটে বহুল আলোচিত ‘ব্যান্ড বিটস’ কনসার্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নগরের এইডেড হাইস্কুল মাঠে কনসার্টটি হওয়ার কথা। এতে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড অর্থহীন, অড সিগনেচার ও সহজিয়ার পরিবেশনা করার কথা রয়েছে। ইতিমধ্যে ৩৫০ টাকা দরে টিকিটও বিক্রি করেছেন আয়োজকেরা। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হওয়ায় অনুষ্ঠানটি নির্ধারিত স্থানে আয়োজন করা যাচ্ছে না বলে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে।
লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড কমিউনিটির আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা। আয়োজকদের দাবি, প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রচার-প্রচারণার পর শেষ মুহূর্তে এইডেড হাইস্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে মাঠ ব্যবহারের বিষয়ে অপারগতা জানানো হয়েছে। ভেন্যুটি নগরীর আবাসিক এলাকার মধ্যে পড়ায় প্রশাসন কনসার্টের অনুমতি দেয়নি। এতে বিপাকে পড়েছেন আয়োজকেরা। এখন বিকল্প ভেন্যু খুঁজতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, শনিবার সিলেটের এইডেড হাইস্কুল মাঠে বিকেলে কনসার্টটি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী টিকিট বিক্রিসহ বিভিন্ন প্রস্তুতিও এগিয়ে নেওয়া হয়। তবে অনুষ্ঠান ঘনিয়ে আসার পর মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা দেখা দেয়।
এরপর বিকল্প হিসেবে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কনসার্ট আয়োজনের চেষ্টা করেন আয়োজকেরা। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই মাঠ দিতে সম্মত হয়নি বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
শেষ ভরসা লাক্কাতুরা গল্ফ ক্লাব মাঠ
সর্বশেষ বিকল্প ভেন্যু হিসেবে সিলেটের লাক্কাতুরা গল্ফ ক্লাব মাঠে কনসার্ট আয়োজনের চেষ্টা করছেন আয়োজকেরা। তবে সেখানে অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ প্রয়োজন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সনদ নিয়ে এলে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এখন লাক্কাতুরা মাঠে আয়োজনের অনুমতি পাওয়া যায় কি না, তার ওপর নির্ভর করছে কনসার্টটির ভবিষ্যৎ। অনুমতি মিললেও স্বল্প সময়ের মধ্যে মঞ্চ, শব্দব্যবস্থা, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
ভেন্যু সংকটের বিষয়টি সামনে আসার পর সিলেটে কনসার্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একদিকে জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা দেখার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা, অন্যদিকে অনুষ্ঠান আয়োজনের শেষ মুহূর্তে ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হওয়ায় প্রশ্ন উঠেছে আগাম অনুমতি ও প্রস্তুতির সমন্বয় নিয়ে।
