ছবি: সংগৃহীত
মাদক খাইয়ে সিলেট রেল স্টেশনে ১২ বছরের ছিন্নমূল শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (২ জুন) ভোররাতে রেল স্টেশনের এক পরিত্যক্ত ভবনে শিশুটিকে নিয়ে ধর্ষণ করে মাদক সেবী লোদন।
স্থানীয় সূত্র ও পুলিশ প্রশাসনের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে কদমতলী রেল স্টেশন এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদকসেবী লোদন (৩৫) ওই ভবঘুরে শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। অসহায় শিশুটিকে প্রথমে জোরপূর্বক মাদক সেবন করিয়ে পাশবিক নির্যাতন চালায়।
ভোররাত ৪টার দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
রেল পুলিশ দ্রুত দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করে। সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত লোদনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ‘উদ্ধারকৃত ১২ বছরের শিশুটি ছিন্নমূল ও ভবঘুরে। এই ঘটনার সাথে জড়িতরা সবাই মাদকসেবী এবং তারা রেল স্টেশন এলাকাতেই রাত কাটাত। শিশুর মৌখিক অভিযোগ ও পরিবারের এজাহারের ভিত্তিতে আমরা মূল অভিযুক্তকে আটক করেছি’।
