ছবি: সংগৃহীত
চলতি বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলের হাজারো কৃষক ফসল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলেও মাঠপর্যায়ে তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সরকারি সহায়তা বণ্টন নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের তালিকায় মোট ৬৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকার বিভিন্ন সিরিয়ালে ইউনিয়ন পর্যায়ের এক নেতার মেয়ে, ভাইয়ের স্ত্রী, ভাতিজা, মেয়ের জামাইসহ একাধিক নিকটাত্মীয়ের নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তালিকা প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তির আত্মীয়দের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
কৃষকদের অভিযোগ, তালিকাভুক্ত অনেকের কৃষিজমি নেই কিংবা তারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত নন। অন্যদিকে ফসল হারিয়ে মানবেতর জীবনযাপন করা অনেক কৃষকের নাম তালিকায় স্থান পায়নি। ফলে সরকারের মহৎ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে ক্ষুব্ধ কৃষকরা তালিকার নিরপেক্ষ তদন্ত, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হলে প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
