সিলেটের বালাগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। র্যাব-৯ জানায়, রবিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯, সদর কোম্পানির একটি দল দক্ষিণ সুরমার জালালপুর এলাকায় অবস্থানকালে জানতে পারে, বালাগঞ্জ থানার মোরার বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রমে যুক্ত রয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ৯টায় সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার বালাগঞ্জ থানার নিজগহরপুর গ্রামের মোঃ ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে মোঃ খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে মোঃ আখতার হোসেন (৩০), নিজগহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮) এবং একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এসব প্ল্যাটফর্মে অল্প টাকায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে যুক্ত করে কমিশন নিতেন। তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যাতে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কিছু অ্যাপসের মাধ্যমে ২শ টাকায় ৪শ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় জয়েন করিয়ে কমিশন লাভ করে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
