সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর টানা ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ১৫৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জুন রাত ১২টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ১৩৯ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃতরা রয়েছেন।
অভিযান চলাকালে ৮৫ পিস ইয়াবা এবং ৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরকে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
