https://www.emjanews.com/

16454

sylhet

প্রকাশিত

১৭ জুন ২০২৬ ১২:১২

সিলেট

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ১২:১২

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নিতে বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বিমানবন্দরসহ সড়কের দুপাশে অবস্থান নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। চা শ্রমিকদেরও ছাতা মাথায় নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সিলেট জেলা যুবদল, মহানগর বিএনপি এবং দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় জেলা বিএনপির নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। পরে বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

কর্মসূচি শেষে বিকেলে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করে সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, এই সফরে সিলেটে আগমন বা প্রস্থানের সময় স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে কোনো বৈঠকের সূচি নেই। তবে বিমানবন্দরে বিভাগীয় শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সড়কের দুপাশে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

সরকার গঠনের পর এটি তার দ্বিতীয় সিলেট সফর। এর আগে গত ২ মে তিনি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।