দ্বিতীয়বারের মতো সিলেট আসছেন প্রধানমন্ত্রী: শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ব্যস্ত সূচি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ ২১:২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বুধবার (১৭ জুন) তিনি সিলেট ও মৌলভীবাজার সফর করবেন। এ সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেটে পৌঁছাবেন।
সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলে গিয়ে দুপুর ১টায় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন।
রাজনৈতিক সভা শেষে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সার্কিট হাউস, সিলেট-মৌলভীবাজার সড়ক এবং মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ চলছে। জেলা শহর ও শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের আশপাশে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হচ্ছে।
এ ছাড়া শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা সফরকে সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
