সকালে বিমানবন্দরে দেখা হতেই প্রধানমন্ত্রীর প্রশ্ন ছিল, "আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই?" প্রধানমন্ত্রীর এই একটি মন্তব্যেই সিলেট থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং বিকেলে সরাসরি যোগ দেন জাতীয় সংসদ অধিবেশনে।
বুধবার (১২ মার্চ) সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান এবং সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের সংসদ সদস্যদের দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, সংসদ চলাকালীন তারা কেন সেখানে উপস্থিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পরই সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী আর বিলম্ব না করে বিকেলের মধ্যেই ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ
দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সম্মান জানিয়ে তার এই তাৎক্ষণিক পদক্ষেপ রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
উল্লেখ্য, সিলেট বিমানবন্দর থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং একটি জাম ও একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
