ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ থেকে ১৭ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৫ হাজার ২৮৮ জন অভিবাসীকে আটক করা হয়।
রোববার (২১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৮৬৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৪৮ জন রয়েছেন।
এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬৬৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনের, ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়, একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের দায়ে ইতোমধ্যে ১০ হাজার ৪৫৮ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৫ হাজার ১০৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং আরও ১ হাজার ৯৭৯ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ২৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৫৮৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৮ জন পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।
