হাছন রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’
প্রকাশ: ১৩ জুন ২০২৬ ২২:৩৯
ছবি: সংগৃহীত
বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে এবং এর চিরন্তন আবেদনকে সমসাময়িক দর্শকের সঙ্গে সংযুক্ত করতে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’।
এবারের আয়োজন উৎসর্গ করা হয় বাংলা লোকসংগীতের অন্যতম শ্রেষ্ঠ মরমি কবি, গীতিকার ও সাধক হাছন রাজাকে। তার কালজয়ী গান, দর্শন ও জীবনবোধকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় এই কিংবদন্তি লোককবিকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এ সময় বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
বক্তারা বলেন, হাছন রাজার গান শুধু বাংলার লোকঐতিহ্যের অংশ নয়, বরং মানবতা, প্রেম, আধ্যাত্মিকতা ও আত্মঅন্বেষণের এক অনন্য দৃষ্টান্ত। তার সৃষ্টিগুলো আজও মানুষের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।
অনুষ্ঠানে হাছন রাজার গান ও দর্শনকে কেন্দ্র করে পরিবেশিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান। শিল্পীরা তার বিখ্যাত গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজকদের মতে, বাংলা লোকসংগীতের শিকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলার মানুষের আবেগ, ভালোবাসা ও আত্মিক চেতনার সঙ্গে মিশে থাকা হাছন রাজার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘প্রাণ বন্ধের সনে’।
