https://www.emjanews.com/

16627

sylhet

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ১৮:৫৮

সিলেট

চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক কারাগারে

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ১৮:৫৮

ছবি: মো. তদবির আলম।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেক ডিজঅনার মামলায় আদালতের দেওয়া সাজা কার্যকরের অংশ হিসেবে মো. তদবির আলম নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় আদালত মো. তদবির আলমকে পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত সোমবার রাতে তাকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চেক সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন।’

এদিকে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তদবির আলম এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচনায় ছিলেন। গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের জেনারেল ফান্ড, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন আর্থিক অনিয়ম তদন্তে প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তার মান্থলি পে-অর্ডার (এমপিও) সুবিধা স্থগিত রেখেছে বলে জানা গেছে।

একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় কারাদণ্ড কার্যকর হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা অঙ্গনসহ স্থানীয় বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।