চার দিনের সফরে সিলেটে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
উন্নয়ন প্রকল্প উদ্বোধন, অনুদান বিতরণ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী
প্রকাশ: ২৩ জুন ২০২৬ ২০:১৬
ছবি: আরিফুল হক চৌধুরী এমপি।
চার দিনের সরকারি সফরে বুধবার (২৪ জুন) সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক দপ্তর আদেশে এ সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ৩টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন মন্ত্রী। আগমনের পর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন সেবামূলক উদ্যোগ ও সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তিনি সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দেবেন। পরে বিকেলে সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ করবেন।
শুক্রবার (২৬ জুন) জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণ করবেন।
একই দিনে জাফলং এলাকায় একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি সড়কের উদ্বোধন করার কথা রয়েছে।
সফরের শেষ দিন শনিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আরিফুল হক চৌধুরী। নির্ধারিত কর্মসূচি শেষে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
