সিলেট মহানগরীতে টানা ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে, গত ২৩ জুন রাত ১২টা থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত মোট ১০৪ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এর মধ্যে ২৩ জুনের ২৪ ঘণ্টায় ৩৩ জন এবং ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৭১ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, জুয়াড়ি, চোর, হকার এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। মেট্রো অধ্যাদেশ অনুযায়ীও কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ বলছে, তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা এবং ২৩০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮০টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
