https://www.emjanews.com/

16640

sports

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ২২:১৬

খেলাধুলা

৩৬ বছর পর ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের সম্ভাবনা

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২২:১৬

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এই দুই দলের মধ্যে। তাই তাদের মুখোমুখি লড়াই মানেই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনা। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে আগ্রহ পৌঁছে যায় অন্য উচ্চতায়।

সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে পারে চলমান বিশ্বকাপে। টুর্নামেন্টের সমীকরণ অনুকূলে থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। প্রত্যাশা অনুযায়ী জয় পেলে পূর্ণাঙ্গ আধিপত্য নিয়েই নকআউট পর্বে যাবে লিওনেল মেসিদের দল। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে শুরুটা প্রত্যাশামতো না হলেও হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সেলেসাওরা। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠবে তারা। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।

ফলে দুই দলই যদি নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যায়, তাহলে সেমিফাইনালে বিশ্ব ফুটবলের বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখা যেতে পারে।

বিশ্বকাপের মূল পর্বে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে। সেবার রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া।

বিশ্বকাপের নকআউট পর্বে এটিই এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার একমাত্র মুখোমুখি লড়াই। তাই সম্ভাব্য সেমিফাইনাল শুধু দুই দলের জন্যই নয়, বিশ্ব ফুটবলের জন্যও হতে পারে একটি ঐতিহাসিক ম্যাচ।

একদিকে ১৯৯০ সালের পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে চাইবে ব্রাজিল, অন্যদিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে যেতে মরিয়া থাকবে আর্জেন্টিনা। সব মিলিয়ে সমীকরণ মিলে গেলে বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।