https://www.emjanews.com/

16645

sylhet

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ০০:০৬

আপডেট

২৫ জুন ২০২৬ ০০:১০

সিলেট

আম পরিবহনের আড়ালে গাঁজার চালান! হবিগঞ্জে র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ০০:০৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটে আম পরিবহন শেষে ফেরার পথে পিকআপ ভ্যানে গাঁজার চালান বহনের সময় হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মিনি পিকআপ তল্লাশি করে ৫৯ (ঊনষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে পিকআপের চালক মো. আনোয়ার হোসেন (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর জেলার হরিদেবপুর ইউনিয়নের আলোয়াকুড়ি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, ঢাকা মেট্রো-ন-১৪-৩৯৫৪ নম্বরের মিনি পিকআপটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে সিলেটে আসে। আম সরবরাহ শেষে ফেরার পথে একই গাড়িতে কৌশলে গাঁজার চালান বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব ওই চালানসহ তাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ৫৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী ও মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।