https://www.emjanews.com/

16860

sports

প্রকাশিত

০৩ জুলাই ২০২৬ ২২:২৩

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ২২:২৩

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবার আটঘাট বেঁধে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল শনিবার ভোর ৪টায় রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আলবিসেলেস্তেরা লড়বে এই আসরের অন্যতম চমক কেপ ভার্দের বিপক্ষে। গ্রুপ পর্বে টানা তিন জয়ের শতভাগ সাফল্য সঙ্গী হলেও নকআউট লড়াইয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করলেও কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে ফিরছে আর্জেন্টিনা।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ৪-৪-২ ফরমেশনে ফিরছে আলবিসেলেস্তেরা। তবে শুরুর একাদশ নিয়ে স্কালোনিকে তিনটি নির্দিষ্ট পজিশনে কঠিন সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে। লেফট-ব্যাক পজিশনে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো ইনজুরি কাটিয়ে ফিরলেও তার জায়গা নিয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তরুণ ফাকুন্দো মেদিনা। প্রথম দুই ম্যাচে মেদিনার নজরকাড়া পারফরম্যান্সের কারণে অভিজ্ঞ না কি সাম্প্রতিক ফর্ম—কাকে গুরুত্ব দেবেন স্কালোনি, সেটিই এখন দেখার বিষয়।

রক্ষণভাগের কেন্দ্রে ক্রিশ্চিয়ান রোমেরোর হাঁটুর চোট কোচকে কিছুটা দুশ্চিন্তায় রেখেছে। রোমেরো পুরোপুরি ফিট না হলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরা প্রায় নিশ্চিত, যেখানে লিসান্দ্রো মার্তিনেজ হবেন তার রক্ষণসঙ্গী।

অন্যদিকে, আক্রমণভাগে সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে চলছে সুস্থ প্রতিযোগিতা। জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাসে বলীয়ান লাউতারো মার্তিনেজ না কি ক্ষিপ্রগতির হুলিয়ান আলভারেজ—কাকে দিয়ে শুরু করবেন স্কালোনি, তা নিয়ে ভক্তদের মাঝে চলছে ব্যাপক বিশ্লেষণ। তবে লাউতারোর অভিজ্ঞতার পাল্লা এ ম্যাচে কিছুটা ভারী হতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।