https://www.emjanews.com/

16844

sylhet

প্রকাশিত

০৩ জুলাই ২০২৬ ১৯:১০

সিলেট

সিলেটে বাণিজ্যমন্ত্রী: বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহারের ঘোষণা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ১৯:১০

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সংকট আগাম শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করবে সরকার। প্রথম পর্যায়ে বাজারের অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাজারের বর্তমান মূল্য পর্যবেক্ষণের পাশাপাশি উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার তথ্য বিশ্লেষণের মাধ্যমে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে। এজন্য সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে মানসম্মত প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের অভাবে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর আওতায় বিজ্ঞানসম্মত উৎপাদন, ট্রেসেবিলিটি নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, কৃষিপণ্য সংরক্ষণে সারাদেশে প্রায় ২ হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।

বিশ্বের চলমান দুটি যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়ছে। এ পরিস্থিতিতে দেশের শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মনসুর আসজাদ ও কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর বিকেল সাড়ে ৪টায় খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার সেবার উদ্বোধন এবং জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।